গত ২৫ আগস্টের ঘটনা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রঙ্কসে একটি দোকানে ডাকাতির ঘটনায় গুলিতে ৩৩ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন।
পুলিশের তথ্য অনুযায়ী, মুখোশ পরা এক ব্যক্তি দোকানে ঢুকে গুলি চালান। এতে দোকানের এক ক্রেতা বুকে গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও মঙ্গলবার বিকালে তার মৃত্যু হয়।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাঙালির পাঠশালা ও স্কুল অব লিডারশিপের প্রতিষ্ঠাতা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালি।
দেশের টিভির সঙ্গে এক ব্যক্তিগত আলাচারিতায় তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
ড. নয়ন বাঙালি বলেন, অত্যন্ত দুঃখজন ঘটনা। মনে প্রশ্ন জাগে আমেরিকা কি এর বাসযোগ্যতা হারিয়েছে? এমন ঘটনা দিনে দিনে বাড়ছে। কিন্তু ট্রাম্প সরকার এ নিয়ে নির্বিকার।
তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর এ দেশ ক্রমে অপরাধীদের অভয়ারণ্য হয়ে উঠেছে। প্রেসিডেন্টের মদদে বাড়ছে বর্ণবাদী আক্রমণ। এটা স্পষ্ট যে এসব ঘটনায় সব সময়ই অভিবাসীরা আক্রান্ত হন। আর মূল অপরাধী থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে।
ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান যে সমতার কথা বলে তা প্রতি পদে লঙ্ঘন করছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের বিদ্বেষ ঝাড়ছেন তিনি প্রতিটি কর্মে। যে অভিবাসীরা এই মহাদেশটি গড়ে তুলেছে তিনি তাদেরই শত্রু মনে করেন। গত কয়েক বছরে এই প্রেসিডেন্ট দেশকে মধ্যযুগে নিয়ে গেছেন। যেখানে আইন নেই। আছে কেবল ভয়ের শাসন।
তিনি শেষে বলেন, নিউ ইয়র্কের এই খুনের বিচার আমি চাই। ট্রাম্পের আমলে ঘটা সকল অপরাধের বিচার চাই। তাকে সহজ ভাষা বলব - মিস্টার প্রেসিডেন্ট, আপনার অমানবিক আচরণ বরদাস্ত করব না। আমাদের তুচ্ছ ভাববেন না। বরং আপনার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ আমরাই করি নির্বাচনে ভোট দিয়ে। লজ্জার পরিস্থিতি থেকে রেহাই পেতে আশা করি বিষয়টি মনে রাখবেন।